দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল-নদী খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬...

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ খাল খনন কার্যক্রমের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। একই দিনে দেশের আরও ৫৩টি জেলায় একযোগে বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ এবং সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করবেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে জারি করা এক পত্রে জানানো হয়েছে, দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং জলাবদ্ধতা ও বন্যা ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশজুড়ে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা, খাল ও বিভিন্ন জলাধার খনন এবং পুনঃখনন করা হবে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খাল-নদী পুনরুদ্ধার করলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  এছাড়া এই কর্মসূচির মাধ্যমে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ এবং সেচ সুবিধা বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। পানি ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি ও কৃষি উৎপাদনেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।