ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘের ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বুধবার তার কার্যালয়ে জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদ...
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বুধবার তার কার্যালয়ে জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-মারিয়া স্মিরনোভা, কাজী মোস্তাকিম আহমেদ, মো. সালায়ে মোস্তফা ও আহমেদ ইমতিয়াজ সামাদ।সাক্ষাৎকালে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার উৎকর্ষ সাধনে ঢাবি কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও অনুকূল পরিবেশ বিরাজ করছে।উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন স্কলারশিপ কর্মসূচি, পাঠদান ও শেখার পদ্ধতি এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে ধারণা দেন।এ সময় জাতিসংঘের বিশেষ দূত (শিক্ষার অধিকার বিষয়ক) ফরিদা শহীদ বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।