ঢাকার যানজট নিরসনে প্রয়োজন শিক্ষার্থীবান্ধব পরিবহনব্যবস্থা

রাজধানী ঢাকার যানজট নতুন কিছু নয়। এটি এখন নগরবাসীর জীবনের একটি স্বাভাবিক দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে স্কুল চলাকালীন যে তীব্র যানজট সৃষ্টি হয়, তা শুধু শিক্ষা...

রাজধানী ঢাকার যানজট নতুন কিছু নয়। এটি এখন নগরবাসীর জীবনের একটি স্বাভাবিক দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে স্কুল চলাকালীন যে তীব্র যানজট সৃষ্টি হয়, তা শুধু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নয়, বরং পুরো নগরীর ট্রাফিকব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই বাস্তবতায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। এটি অবশ্যই একটি প্রয়োজনীয় পদক্ষেপ। তবে প্রশ্ন হচ্ছে, এত দিন ধরে দৃশ্যমান একটি সমস্যার সমাধানে এখনো কেন আমরা বিকল্প খোঁজার পর্যায়েই আছি?বাস্তবতা হলো, এ সমস্যা হঠাৎ করে তৈরি হয়নি। বছরের পর বছর ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েছে, কিন্তু সেই অনুপাতে নগর পরিবহনব্যবস্থার উন্নয়ন হয়নি। স্কুলভিত্তিক পরিবহননীতিও সুসংগঠিতভাবে গড়ে ওঠেনি। ফলে প্রতিদিন সকালবেলা একই সময়ে হাজারো শিক্ষার্থী যখন রাস্তায় নামে, তখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়াই স্বাভাবিক।বিশ্বের অনেক শহর এ সমস্যাকে একটি নীতিগত বিষয় হিসেবে বিবেচনা করেছে। উদাহরণ হিসেবে জাপানের শহরগুলোতে শিক্ষার্থীদের হাঁটা বা গণপরিবহন ব্যবহারকে উৎসাহিত করার জন্য নিরাপদ পথ ও সামাজিক সচেতনতা তৈরি করা হয়েছে। সিঙ্গাপুরে স্কুল পরিবহন একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে পরিচালিত হয়, যেখানে স্কুলগুলো পরিবহন ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে।যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরে স্কুলের সময়সূচি ভিন্ন করার মাধ্যমে ট্রাফিক চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। লন্ডনে ‘স্কুল স্ট্রিট’ উদ্যোগের মাধ্যমে নির্দিষ্ট সময়ে স্কুল এলাকার সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি চলাচল সীমিত করা হয়েছে। এসব উদ্যোগের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো—সমস্যাটিকে বিচ্ছিন্নভাবে নয়, বরং একটি সমন্বিত নগর ব্যবস্থাপনার অংশ হিসেবে দেখা হয়েছে। ঢাকার যানজট একটি বহুমাত্রিক সমস্যা। এই সমস্যাকে প্রশাসনিক নির্দেশনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এর সমাধানও হতে হবে বহুমাত্রিক। প্রয়োজন প্রমাণভিত্তিক পরিকল্পনা, আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সবচেয়ে বেশি প্রয়োজন বাস্তবায়নের ধারাবাহিকতা। দীর্ঘ মেয়াদে ঢাকার গণপরিবহনব্যবস্থাকে শিক্ষার্থীবান্ধব করা ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।