দরিদ্র পরিবারকে সহায়তায়,ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনঃ তারেক রহমান

রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০...

রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি অনুষ্ঠানে যোগ দিয়ে কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করেন। সরকারের তথ্যমতে, প্রাথমিকভাবে হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। পরে মাঠ পর্যায়ে নিবিড় যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক বলে প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই যাচাই প্রক্রিয়া কর্মসূচির স্বচ্ছতা ও সঠিক উপকারভোগী নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন এবং বিভিন্ন ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের আশা, সফল বাস্তবায়নের পর ধাপে ধাপে এটি দেশের আরও এলাকায় সম্প্রসারণ করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে প্রকৃত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে সহায়তার আওতায় আনা হবে, যাতে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সামাজিক নিরাপত্তা সুবিধা সহজে পেতে পারে।  সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষামূলক এই উদ্যোগের অভিজ্ঞতা বিশ্লেষণ করে ভবিষ্যতে কর্মসূচিটিকে আরও বিস্তৃত ও কার্যকর করা হবে।