এবার কি তবে ভিটেমাটি বিক্রির মিছিল থামবে?
বাংলাদেশের প্রান্তিক জনপদে ‘বিদেশ যাত্রা’ শব্দটির সাথে জড়িয়ে আছে এক দীর্ঘশ্বাস আর হাহাকারের ইতিহাস। যে যুবকটি পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রবাসে পাড়ি জমানোর স্বপ্ন...
বাংলাদেশের প্রান্তিক জনপদে ‘বিদেশ যাত্রা’ শব্দটির সাথে
জড়িয়ে আছে এক দীর্ঘশ্বাস আর হাহাকারের ইতিহাস। যে যুবকটি পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রবাসে
পাড়ি জমানোর স্বপ্ন দেখেন, তার যাত্রাটা শুরুই হয় পৈতৃক ভিটেমাটি বিক্রি কিংবা মহাজনের
চড়া সুদের ঋণের বোঝা মাথায় নিয়ে। সেই চিরচেনা ও নির্মম বাস্তবতার বিপরীতে দাঁড়িয়ে আগামীকাল
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এক নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে দেশ। বিমান
বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ছেন
১১২ জন বাংলাদেশি তরুণ। গন্তব্য মালয়েশিয়ার কুয়ালালামপুর, নিয়োগদাতা প্রতিষ্ঠান ডিএইচএল
সাপ্লাই চেইন। ২০২৪ সালের মে মাসের পর টানা আড়াই বছর বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারের
তালা খুলছে এই যাত্রার মধ্য দিয়ে, তাও আবার এক টাকাও অভিবাসন ব্যয় ছাড়া।রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলের তত্ত্বাবধানে
৪ হাজার ২৯ জন আবেদনকারীর মধ্য থেকে স্বয়ংক্রিয় লটারি ও দক্ষতা যাচাইয়ের মাধ্যমে বাছাই
করা হয়েছে এই ১১২ জনকে। প্রথম ধাপে এভাবে ১০ হাজার কর্মীকে ‘শূন্য ব্যয়ে’ পাঠানোর সরকারি
পরিকল্পনা নিঃসন্দেহে একটি বৈপ্লবিক পদক্ষেপ। কিন্তু অভিবাসন খাতের দীর্ঘদিনের ক্ষতগুলো
আমাদের বারবার মনে করিয়ে দেয়, বিমানবন্দরের ঝলমলে আনুষ্ঠানিকতা আর গ্রামের মেঠোপথের
বাস্তবতার মধ্যে প্রায়ই যোজন যোজন দূরত্ব থেকে যায়।মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সাধারণ মানুষের
আতঙ্কের শিকড় অনেক গভীরে। ২০০৮-২০১২, ২০১৬-২০১৮ কিংবা ২০১৯-২০২২ সালের প্রতিবারই এই
বাজার খুলেছে আর বন্ধ হয়েছে সিন্ডিকেট ও গলাকাটা অভিবাসন ব্যয়ের কারণে। সর্বশেষ ২০২২
থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ কর্মী দেশটিতে গেলেও ১০১টি রিক্রুটিং
এজেন্সির চক্রের কারণে হাজার হাজার কর্মীকে শেষ সম্বল বিক্রি করে চার-পাঁচ লাখ টাকা
গুনতে হয়েছিল। সেই ঋণের টাকা শোধ করতে না পেরে নিঃস্ব হয়ে দেশে ফেরার করুণ গল্প এখনো
বাতাসে ভাসে।এবার দৃশ্যপটে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা
হয়েছে। একদিকে বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে (আরবিএ পদ্ধতিতে) কর্মী পাঠানো হচ্ছে, অন্যদিকে
২৫টি মূল ও ৩১২টি সহযোগী বেসরকারি এজেন্সির মাধ্যমে নিয়মিত অভিবাসন ব্যয় নির্ধারণ করা
হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। ঠিক এখানেই তৈরি হয়েছে নীতিগত ও বাস্তবিক সংকটের জায়গা।একই গন্তব্যে যাওয়ার দুটি সমান্তরাল পথ,
একটি শূন্য টাকায় এবং অন্যটি দেড় লাখ টাকায়, মাঠপর্যায়ের দালাল ও মধ্যস্বত্বভোগীদের
জন্য নতুন এক বিভ্রান্তির ফাঁদ তৈরি করতে পারে। গ্রামের সহজ-সরল কর্মপ্রত্যাশীদের কাছে
‘সরকারি কোটায়
বিনা খরচে পাঠানোর’ প্রলোভন দেখিয়ে কিংবা বেসরকারি কোটার
‘দ্রুত ভিসা’র কথা বলে অসাধু
চক্র যে আবারও অর্থ হাতানোর ফন্দি আঁটবে না, তার নিশ্চয়তা কী? তাছাড়া, কাগজে-কলমে বেসরকারি
ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা বেঁধে দেওয়া হলেও অতীতে আমরা দেখেছি, নির্ধারিত অঙ্কের রসিদ
দিয়ে আড়ালে তিন-চার গুণ টাকা আদায়ের সংস্কৃতি এ দেশে কতটা প্রবল।ভিটেমাটি বিক্রির এই মিছিল সত্যিকার অর্থে
থামাতে হলে কেবল ঢাকায় বসে প্রজ্ঞাপন জারি বা বিমানবন্দরে উদ্বোধনই যথেষ্ট নয়। এর জন্য
প্রয়োজন ত্রিপক্ষীয় কঠোর নজরদারি। প্রথমত, বোয়েসেলের এই স্বয়ংক্রিয় লটারি ও ডিজিটাল
যাচাই প্রক্রিয়াটি যেন কেবল প্রথম ১০ হাজার কর্মীর মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো অভিবাসন
ব্যবস্থার স্থায়ী মানদণ্ড হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, বেসরকারি এজেন্সিগুলোর প্রতিটি লেনদেন
শতভাগ ব্যাংকিং চ্যানেলে আনা এবং মালয়েশিয়ায় পৌঁছানোর পর কর্মীরা চুক্তি অনুযায়ী নির্ধারিত
মূল বেতন ও কাজ পাচ্ছেন কি না, তা দূতাবাসের মাধ্যমে নিয়মিত তদারকি করা জরুরি। তৃতীয়ত,
প্রতারক চক্রের বিরুদ্ধে লোকদেখানো জরিমানা নয়, বরং লাইসেন্স বাতিল ও ফৌজদারি মামলার
মতো কঠোর দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
১১২ জন তরুণের বিনা খরচের এই উড়াল যেন
কেবল একটি বিচ্ছিন্ন ‘সাফল্যের গল্প’ হয়ে না থাকে।
এটি হতে হবে দালালমুক্ত ও মানবিক অভিবাসনের স্থায়ী মডেল। রেমিট্যান্স যোদ্ধাদের ঘামের
টাকা যেন মধ্যস্বত্বভোগীদের পকেটে না যায়, রাষ্ট্রকে সেই পাহারাদারের ভূমিকাটিই এখন
সবচেয়ে নিষ্ঠার সাথে পালন করতে হবে। তবেই থামবে শেষ সম্বল বিক্রির এই করুণ মিছিল।