ঈদযাত্রা হোক নির্বিঘ্ন আনন্দময়!
শেকড়ের টানে প্রতি বছর কোটি মানুষ স্বজনদের সঙ্গে ঈদ উৎসবের আনন্দ উপভোগ করতে বাড়ি ফেরেন। এবারের ঈদও এর ব্যতিক্রম নয়৷ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন প...
শেকড়ের টানে প্রতি বছর কোটি মানুষ স্বজনদের সঙ্গে ঈদ উৎসবের আনন্দ উপভোগ
করতে বাড়ি ফেরেন। এবারের ঈদও এর ব্যতিক্রম নয়৷ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দিয়েছে। মহাসড়কে
ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল নির্দিষ্ট সময়ের জন্য সীমিত করা, ফিটনেসবিহীন যানবাহনের
বিরুদ্ধে অভিযান জোরদার করা, অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
এবং রেল ও বাসের টিকিট বিক্রিতে শৃঙ্খলা আনতে বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে। পাশাপাশি
অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা
জোরদার এবং যাত্রীসেবামূলক তথ্যকেন্দ্র চালুর উদ্যোগও নেওয়া হয়েছে৷ এসব উদ্যোগ ইতিবাচক
হলেও মূল প্রশ্ন হলো বাস্তবায়ন। বাংলাদেশে অনেক সময়ই দেখা যায়, ঘোষণার তুলনায় বাস্তব পদক্ষেপ দুর্বল
হয়ে পড়ে। প্রযুক্তির ব্যবহার বাড়ানোও এই সমস্যার সমাধানে সহায়ক হতে পারে। অনলাইন টিকেটিং
ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করা, সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়ানো এবং ট্রাফিক
ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে অনিয়ম কমানো সহজ হবে। ঈদযাত্রা কোনো সংকটের
প্রতীক হওয়া উচিত নয়। আগাম প্রস্তুতি ও সঠিক ব্যবস্থাপনা সবচেয়ে বেশি জরুরি। আগেভাগে
প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলে নাগরিকদের ঈদযাত্রা অনেকটাই স্বস্তির হয়৷
এবারের ঈদযাত্রায় বাস, লঞ্চসহ সব ধরনের পরিবহনেই নানা কৌশলে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত
ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে৷ জ্বালানি সংকটের অজুহাত তুলে অনেক
কাউন্টার বন্ধ রেখে কালোবাজারে টিকিট বিক্রি করা হচ্ছে, আবার কোথাও বাড়তি সার্ভিস চার্জ
বা বিশেষ ট্রিপ দেখিয়ে ভাড়া বাড়ানো হচ্ছে। পরিবহন খাত ঘিরে অসাধু গোষ্ঠীর সুযোগসন্ধানী
আচরণ যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে দেয়। অনলাইনে টিকিট বিক্রির ক্ষেত্রেও মধ্যস্বত্বভোগীদের
সক্রিয়তা দেখা গেছে।
এবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে যাচ্ছে নতুন সরকার দায়িত্ব নেওয়ার
এক মাসের মাথায়। মহাসড়কের করুণ দশার সঙ্গে জ্বালানি তেলের ব্যবস্থাপনার ঘাটতি হলে একটি
ভোগান্তিমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে। এজন্য প্রতিটি
মহাসড়ক ধরে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।