এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত এবং এ খাতে ২৫ ল...
নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী তারেক রহমান
বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান
৩৫ শতাংশে উন্নীত এবং এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ
করা হয়েছে। তিনি বলেন, ‘পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি,
বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের
উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় সরকার জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন
করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।রোববার সকালে রাজধানীর
আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রপ্তানি প্রবেশদ্বার
(এক্সপোর্টিং গেট) হিসেবে প্রতিষ্ঠা করা হবে এ নীতিমালার মূল লক্ষ্য। ২০৩৪ সালের মধ্যে
বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে জানিয়ে
প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি
শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি-বিদেশি
মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।সরকার আগামী ৪ বছরে দেশে
২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী
তারেক রহমান। তিনি বলেন, এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির আওতায় একই সময়ে দেশের ৬৪টি জেলায়
প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে আগামী চার
বছরে দেশে ২৫ হাজারেরও বেশি নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হবে।প্রধানমন্ত্রী বলেন, দেশের
অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উৎপাদন ও
বিকাশের কোনো বিকল্প নেই। এ কারণে এসএমই খাত বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি
বলেন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারী উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতির
বিকাশ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের অবদান অপরিসীম। দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া,
ভিয়েতনাম, জার্মানি ও ইতালিসহ বিশ্বের অনেক দেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে
অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। বিদেশের আন্তর্জাতিক ব্যবসায়িক
কেন্দ্রগুলোতে বাংলাদেশি এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলার আয়োজনের পরিকল্পনার কথা
জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর, লন্ডন কিংবা প্যারিসের মতো শহরে সরকারি উদ্যোগে
এ ধরনের মেলার আয়োজন করা যেতে পারে। এতে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সরাসরি
বিদেশি ক্রেতাদের কাছে তাদের পণ্য তুলে ধরার সুযোগ পাবেন।এ ছাড়াও আগামী ৪ বছরে এসএমই
ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও
ই-কমার্স বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এর পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’
ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ, জিআই, ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে
সহায়তা এবং দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া
হয়েছে।শিল্প, বাণিজ্য এবং বস্ত্র
ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের
প্রশাসক মো. ফজলুল হক, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এছাড়া এসএমই ফাউন্ডেশনের
কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বক্তব্য শেষে প্রধানমন্ত্রী
তারেক রহমান এসএমই পণ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা
বলেন। এর আগে বেলা ১১ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’
প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন। মেলার অংশ হিসেবে সাতটি
ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট ৮ জন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা
পুরস্কার-২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও
মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর
সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা। পরে পুরস্কারপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে
গ্রুপ ফটোসেশনে অংশ নেন।
সুত্র: বাসস, ঢাকা, ২২
নভেম্বর-২০২৬।