ফুটবল মাঠে বিদ্বেষের স্লোগান, ইয়ামালের বক্তব্যে নতুন আলোচনা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিসরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্পেন। তবে মাঠের ৯০ মিনিটের লড়াই শেষ হওয়ার পরও আলোচনার কেন্দ্রে ছিল না খেলার ফল কিংবা পারফরম্যান্স।...

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিসরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্পেন। তবে মাঠের ৯০ মিনিটের লড়াই শেষ হওয়ার পরও আলোচনার কেন্দ্রে ছিল না খেলার ফল কিংবা পারফরম্যান্স। বরং ম্যাচটিকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে গ্যালারিতে উচ্চারিত মুসলিমবিরোধী স্লোগান, যা নিয়ে ক্ষোভ ও নিন্দা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গন থেকে রাজনৈতিক মহল পর্যন্ত।ম্যাচ চলাকালে স্টেডিয়ামের একটি অংশ থেকে মুসলিমবিদ্বেষী স্লোগান ভেসে আসে বলে অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় তীব্র সমালোচনা। এমন ঘটনার পর স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন।তিনি এ ধরনের আচরণকে ‘অসম্মানজনক ও অসহনীয়’ বলে অভিহিত করেন। ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে অবস্থান জানিয়ে ইয়ামাল বলেন,আলহামদুলিল্লাহ, আমি মুসলিম।ইয়ামালের এই সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় প্রতিক্রিয়া ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার বক্তব্যকে বিদ্বেষের বিরুদ্ধে সাহসী অবস্থান হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার প্রতি সমর্থন জানিয়ে অসংখ্য প্রতিক্রিয়া দেখা গেছে।ঘটনাটি শুধু ফুটবল অঙ্গনেই সীমাবদ্ধ থাকেনি, বরং দেশটির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের প্রতিক্রিয়াও সামনে এসেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ ঘটনার তীব্র নিন্দা জানান।তিনি লেখেন, আমরা কোনোভাবেই একটি অসভ্য সংখ্যালঘু গোষ্ঠীকে বৈচিত্র্যময় ও সহনশীল দেশ হিসেবে স্পেনের বাস্তবতাকে কলঙ্কিত করতে দিতে পারি না।এদিকে স্পেনের আইনমন্ত্রী ফেলিক্স বোলানিওসও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন,বর্ণবাদী গালি ও স্লোগান আমাদের লজ্জায় ফেলে।ফুটবল মাঠে বর্ণবাদ, ধর্মীয় বিদ্বেষ কিংবা বৈষম্যমূলক আচরণের ঘটনা নতুন নয়। তবে প্রতিবারই এমন ঘটনা নতুন করে প্রশ্ন তোলে, আধুনিক ক্রীড়াঙ্গন কতটা নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক। বিশেষ করে তরুণ ফুটবলারদের লক্ষ্য করে পরিচয়ভিত্তিক বিদ্বেষমূলক স্লোগান শুধু ব্যক্তি নয়, পুরো খেলাধুলার চেতনাকেই আঘাত করে।বিশ্লেষকদের মতে, ফুটবল শুধু প্রতিদ্বন্দ্বিতার খেলা নয়, এটি বহুত্ববাদ, সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধেরও একটি বড় মঞ্চ। সেখানে ধর্ম, বর্ণ বা পরিচয়কে ঘিরে বিদ্বেষ ছড়ানো শুধু অনভিপ্রেতই নয়, বরং খেলাধুলার মূল দর্শনের সম্পূর্ণ পরিপন্থী। স্পেন-মিসর ম্যাচের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আবারও মনে করিয়ে দিল, মাঠের জয়-পরাজয়ের বাইরেও ফুটবলে আরও বড় একটি লড়াই রয়ে গেছে, আর সেটি হলো ঘৃণা, বিদ্বেষ ও বৈষম্যের বিরুদ্ধে মানবিকতার লড়াই।