গতি ফিরছে দুর্নীতি দমন কমিশনে
বিশেষ প্রতিবেদক:নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন অভিযোগের অনুসন্ধান, মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিলে গতি ফিরেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। এ ছাড়াও অব...
বিশেষ প্রতিবেদক:নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন অভিযোগের অনুসন্ধান, মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিলে গতি ফিরেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। এ ছাড়াও অবৈধ সম্পদ শনাক্ত, ক্রোক ও অবরুদ্ধের কার্যক্রমে কিছুটা গতি বেড়েছে। চলতি বছরের ১৯ আগস্ট নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর ৩১ অক্টোবর পর্যন্ত ৪৬২ জনকে আসামি করে ১৩৯টি মামলা অনুমোদন করেছে কমিশন। একই সময়ে ১৭১ জনের বিরুদ্ধে ৪৭টি অভিযোগপত্র অনুমোদন ও দাখিল করা হয় এবং আদালতের আদেশে ১ হাজার ২৫১ কোটি ২০ লাখ টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। দুদকের নিয়ন্ত্রণ কক্ষ এবং সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পৃথক প্রতিবেদন বিশ্লেষণে কমিশনের সাম্প্রতিক কার্যক্রমের এসব চিত্র উঠে এসেছে। দুদকের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ২৯৩ জনের বিরুদ্ধে ৫৪টি এজাহার বা এফআইআর অনুমোদন করা হয়। আর ৮৭ জনের বিরুদ্ধে ২২টি অভিযোগপত্র এবং ২১ জনকে অব্যাহতি দিয়ে চারটি চূড়ান্ত প্রতিবেদন (এফআর) অনুমোদন দেয় কমিশন। অপরদিকে, অক্টোবর মাসে মামলার সংখ্যা আরও বেড়েছে। এ মাসে ১৬৯ জনের বিরুদ্ধে ৮৫টি এজাহার অনুমোদন করে কমিশন। ৮৪ জনের বিরুদ্ধে ২৫টি অভিযোগপত্র এবং ১৩ জনকে অব্যাহতি দিয়ে ৫টি চূড়ান্ত প্রতিবেদন অনুমোদন দেয়া হয়। দুই মাসের তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে এজাহার অনুমোদনের সংখ্যা ৩১টি বেড়েছে। একই সময়ে অভিযোগপত্রের সংখ্যা ২২টি থেকে বেড়ে ২৫টিতে দাঁড়িয়েছে। এ ছাড়াও সম্পদবিবরণী দাখিলের আদেশের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। সেপ্টেম্বরের ২৪টি আদেশের বিপরীতে অক্টোবরে এ সংখ্যা বেড়ে ৫৭টিতে দাঁড়িয়েছে। অন্যদিকে, অনুসন্ধান নিষ্পত্তির সংখ্যা ছয়টি থেকে বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে। সব মিলিয়ে দুই মাসে ১৩৯টি মামলায় ৪৬২ জনকে আসামি করা হয়েছে। ৪৭টি অভিযোগপত্রে ১৭১ জনকে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, ৯টি চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে ৩৪ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময়ে ২৭৩টি নতুন অনুসন্ধান শুরু এবং ১৬টি অনুসন্ধান পরিসমাপ্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।উল্লেখ্য, চলতি বছরের ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। পরে ১৭ আগস্ট সরকার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার করে নতুন দুর্নীতি দমন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে। নতুন কমিশনের সদস্যরা ১৮ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগে যোগদানপত্র জমা দেন। পরদিন ১৯ আগস্ট তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।