ইমাম-মুয়াজ্জিন থেকে পুরোহিত-যাজক সম্মানি কর্মসূচির উদ্বোধনঃ তারেক রহমান

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাদাতাদের জন্য সম্মানি প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) সকালে...

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাদাতাদের জন্য সম্মানি প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও খ্রিস্টান চার্চের যাজকদের আর্থিক সম্মানি দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, পাইলট প্রকল্প হিসেবে প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা। এছাড়া প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থ থেকে পুরোহিতকে দেওয়া হবে ৫ হাজার টাকা এবং সেবায়েত পাবেন ৩ হাজার টাকা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও একই ধরনের বরাদ্দ রাখা হয়েছে। প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে বিহার অধ্যক্ষ পাবেন ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ পাবেন ৩ হাজার টাকা। খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রতিটি চার্চে ৮ হাজার টাকা সম্মানি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে পালক বা যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী পালক বা যাজক পাবেন ৩ হাজার টাকা।  সরকারের এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাদাতাদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।