ইরানের কেশম দ্বীপে হামলা: উপসাগরীয় দেশগুলো সতর্ক অবস্থানে
ইন্টারন্যাশনাল ডেস্ক:কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টা পরও উপসাগরীয় অ...
ইন্টারন্যাশনাল ডেস্ক:কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টা পরও উপসাগরীয় অঞ্চলে দেশগুলোতে উত্তেজনা বিরাজ করছে। বুধবার কুয়েত জানিয়েছে, দেশটি ‘শত্রুতাপূর্ণ ড্রোন হামলা’ প্রতিহত করছে। খবর-বার্তা সংস্থা এএফপি’র।১৮ নভেম্বর ভোরে ইরানের পক্ষ থেকে চালানো হামলা প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইনও। এর এক দিন আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছিল, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হলেও সম্প্রতি লড়াই কিছুটা কমে এসেছিল। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ এখনো কাটেনি।উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে, সেসব দেশও এই সংঘাতের প্রভাবের মুখে পড়েছে। ইরান পাল্টা হামলা জোরদার করায় পুরো অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। কুয়েতের সামরিক বাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রুতাপূর্ণ ড্রোনের হুমকি মোকাবিলা করছে’। এ পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।অপরদিকে, যুক্তরাষ্ট্র ও ইরান আপাতত সরাসরি বড় ধরনের সংঘাতে জড়ানো থেকে বিরত থাকলেও দুই দেশের মধ্যে উত্তেজনা কমেনি। এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) এক আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে হামলা চালিয়েছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এএফপিকে জানান, মার্কিন যুদ্ধবিমান থেকে নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করে কেশম দ্বীপে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে।ওই কর্মকর্তা আরও বলেন, মার্কিন সেনাসদস্য ও সামরিক স্থাপনায় ইরানের ‘আগ্রাসী হামলার’ জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান চলছে।