জটিলতা কমানোর লক্ষ্যে এনআইডি ফরমে যুক্ত হচ্ছে ‘ডাক নাম’!
নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ এবং ত্রুটিমুক্ত করতে নিবন্ধন ফরমে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। জাতীয...
নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ এবং ত্রুটিমুক্ত করতে নিবন্ধন ফরমে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, নাম সংশোধন সংক্রান্ত জটিলতা কমানোর লক্ষ্যেই মূলত ‘ডাক নাম’ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নিবন্ধন ফরম-২-এ নতুন একটি ঘর যুক্ত হচ্ছে, যেখানে সংশ্লিষ্ট এলাকার একজন সম্মানিত ব্যক্তি আবেদনকারীকে ব্যক্তিগতভাবে চেনেন ও জানেন মর্মে সুপারিশ করবেন। এর ফলে রোহিঙ্গা বা বিদেশিদের পক্ষে বাংলাদেশি ভোটার হওয়া আরও কঠিন হবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।আগে ভোটার হওয়ার যোগ্য (১৮ বছর) না হওয়া পর্যন্ত স্মার্ট কার্ড দেওয়ার নিয়ম ছিল না। তবে এখন থেকে ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকরা চাহিদার ভিত্তিতে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড পাবেন। বিশেষ করে বিদেশে যাওয়া বা অন্যান্য জরুরি প্রয়োজনে এই বয়সীদের জন্য স্মার্ট কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে স্থগিত থাকা এনআইডি সংশোধন কার্যক্রম চলতি সপ্তাহ থেকেই পুরোদমে শুরু হচ্ছে। ইসি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ১২ লাখ আবেদনের মধ্যে ১১ লাখেরই নিষ্পত্তি করা হয়েছে। ঝুলে থাকা বাকি আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ ও কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।এনআইডি তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ইসি কঠোর অবস্থান নিয়েছে। এখন থেকে সরকারি ১৬টি প্রতিষ্ঠান ছাড়া বাকি ১৭২টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরাসরি তথ্য না দিয়ে ‘ম্যাচড’ ও ‘নট ম্যাচড’ পদ্ধতি চালু করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য ফাঁস হলে তাৎক্ষণিকভাবে তাদের এনআইডি যাচাই লিংক স্থগিত ও তদন্তের ব্যবস্থা রাখা হয়েছে।এছাড়া মৃত ব্যক্তির এনআইডি সংশোধন, পেনশন ফিক্সেশনের জন্য বিশেষ প্রয়োজনে মৃত ভোটারের ডাটাবেজ সচল রাখা এবং ধর্ম পরিবর্তনের কারণে নাম সংশোধনের প্রক্রিয়াও আগের চেয়ে সহজ করা হয়েছে। অনলাইনে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে ২৪ ঘণ্টা কারিগরি সহায়তা দিচ্ছে এনআইডি উইং।