খেলাপি ঋণ বৃদ্ধি, দীর্ঘ সময়ের অনিয়ম ও দুর্বলতার প্রতিফলন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি প্রতিবেদক:খেলাপি ঋণ বৃদ্ধি দীর্ঘ সময়ের অনিয়ম ও দুর্বলতার প্রতিফলন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও বিভিন্ন আর্থিক সূচকের অবনতির দায় সাম্প্রতিক দ...
অর্থনীতি প্রতিবেদক:খেলাপি ঋণ বৃদ্ধি দীর্ঘ সময়ের অনিয়ম ও দুর্বলতার প্রতিফলন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও বিভিন্ন আর্থিক সূচকের অবনতির দায় সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের ওপর চাপাতে চায় না প্রতিষ্ঠানটি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ এবং সমস্যাগ্রস্ত সম্পদের সঠিক চিত্র তুলে ধরতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করে সম্পদমান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা একিউআর) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে।কেন্দ্রীয় ব্যাংকের মতে, দুর্বলতা দূর করা ও টেকসই সংস্কারের জন্য ব্যাংক খাতের প্রকৃত অবস্থা নিরূপণ অপরিহার্য পূর্বশর্ত। তাই খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে সাম্প্রতিক যে পরিবর্তন দেখা যাচ্ছে, তাকে গত দুই বছরের কার্যক্রমের ফল হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি দীর্ঘ সময়ের অনিয়ম ও দুর্বলতার প্রতিফলন। উল্লেখ্য, বর্তমানে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, চলমান সংস্কার কার্যক্রমের ফলে আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হবে। বিজ্ঞপ্তিতে ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় নেওয়া সমন্বিত সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরা হয়।এর অংশ হিসেবে সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে। পাশাপাশি এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও যোগ্য পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারে আগামী ৪ বছর পর্যায়ক্রমে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।