লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর নেতৃত্বে লায়ন মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:মানবসেবা, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয়ে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর ২০২৬-২০২৭ লায়...
নিজস্ব প্রতিবেদক:মানবসেবা, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবী
কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয়ে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর
২০২৬-২০২৭ লায়নিস্টিক বর্ষের ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
করেছেন লায়ন মোঃ শহিদুল ইসলাম। ১ জুলাই ২০২৬ থেকে তিনি নতুন মেয়াদের দায়িত্বভার
গ্রহণ করে সংগঠনের কার্যক্রম পরিচালনা শুরু করেন।দায়িত্ব গ্রহণ উপলক্ষে রাজধানীর লায়ন্স ক্লাব
আগারগাঁওয়ে এক বর্ণাঢ্য, আন্তরিক ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে
বিদায়ী ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৫-২০২৬) লায়ন মাসুদুজ্জামান মাসুম এমজেএফ নবনির্বাচিত
গভর্নরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব হস্তান্তরের শুভসূচনা করেন। পরে কেক কাটা,
মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উপস্থিত লায়ন নেতৃবৃন্দ ও সদস্যরা
নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবাগত কাউন্সিল
চেয়ারম্যান লায়ন মোসলে উদ্দিন আহমেদ অপুর পক্ষ থেকে নবনির্বাচিত গভর্নর লায়ন মোঃ শহিদুল ইসলামকে কেক খাইয়ে শুভেচ্ছা জানানো। এ সময় উপস্থিত অতিথিরা নতুন নেতৃত্বের
সফলতা কামনা করেন এবং মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।বিদায়ী গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম এমজেএফ
তাঁর কর্মমেয়াদে দক্ষ নেতৃত্ব, সততা, বিনয় ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত
স্থাপন করেছেন। সমাজসেবা, সদস্য উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের
মাধ্যমে তিনি ডিস্ট্রিক্টকে একটি সুসংগঠিত ও কার্যকর অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বের প্রতি লায়ন্স পরিবারের সদস্যদের ভালোবাসা ও শ্রদ্ধা
অনুষ্ঠানজুড়েই প্রতিফলিত হয়।লায়ন্স নেতৃবৃন্দ বলেন, মানুষের হৃদয়ে স্থায়ী
সম্মান অর্জনের পথ কখনো ক্ষমতা বা পদমর্যাদার মাধ্যমে নয়; বরং আন্তরিকতা, বিনয়, সততা
এবং নিরলস মানবসেবার মাধ্যমেই প্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। বিদায়ী গভর্নর তাঁর
কর্মের মাধ্যমে সেই মূল্যবোধকে বাস্তবে রূপ দিয়েছেন।বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক, অরাজনৈতিক
ও স্বেচ্ছাসেবামূলক সেবাসংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল ১৯১৭ সালে মার্কিন সমাজসেবক ও
ব্যবসায়ী মেলভিন জোন্সের উদ্যোগে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন
থেকে সংগঠনটি মানবকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা, শিক্ষা,
দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে
চলেছে। বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে সংগঠনটির লাখ লাখ সদস্য মানবসেবায়
নিয়োজিত রয়েছেন।লায়ন্স ইন্টারন্যাশনালের বৈশ্বিক কর্মসূচির
অংশ হিসেবে ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর আওতাধীন ক্লাবগুলো পাঁচটি প্রধান সেবা খাতে বিশেষ
গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ডায়াবেটিস প্রতিরোধ ও সচেতনতা, চক্ষু
সেবা ও অন্ধত্ব প্রতিরোধ, ক্ষুধামুক্ত সমাজ গঠন, পরিবেশ সংরক্ষণ এবং শিশু ক্যানসারে
আক্রান্তদের চিকিৎসা ও সহায়তা। এসব কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান
উন্নয়ন এবং একটি মানবিক সমাজ গঠনে সংগঠনটি ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে।দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত গভর্নর লায়ন
মোঃ শহিদুল ইসলাম বলেন, লায়ন্স ইন্টারন্যাশনালের আদর্শকে ধারণ করে মানবসেবার পরিধি
আরও বিস্তৃত করা, নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ডিস্ট্রিক্ট
৩১৫-বি-৩-কে সেবামূলক কর্মকাণ্ডে আরও এগিয়ে নেওয়াই হবে তাঁর অগ্রাধিকার।
লায়ন্স পরিবারের প্রত্যাশা, নতুন গভর্নরের
দূরদর্শী নেতৃত্বে ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩ আগামী দিনে মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং
আন্তর্জাতিক অঙ্গনে সেবামূলক কর্মকাণ্ডে নতুন সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করবে।