মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় করণীয় নির্ধারণে জরুরি বৈঠক আজ!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। তারেক রহমানের নেতৃত্বাধীন এ সরকার মঙ্গলবার ৩৬ দিন পার করেছে...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। তারেক রহমানের নেতৃত্বাধীন এ সরকার মঙ্গলবার ৩৬ দিন পার করেছে। এই সময়ের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়তা দেখিয়েছে সরকার। সংসদের সূচনায় সক্রিয়তা, মাঠপর্যায়ে খাল খনন, ‘ফ্যামিলি কার্ড’ ও কৃষক কার্ডের মতো জনমুখী কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এসব কর্মসূচি সরাসরি জনজীবনে প্রভাব ফেলবে। তবে এগুলো বাস্তবায়নে প্রয়োজন শক্ত অর্থনৈতিক ভিত।হঠাৎ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক পরিস্থিতি জটিল করে তুলেছে। অর্থাৎ ক্ষমতায় আসার দেড় সপ্তাহের মাথায় শুরু হওয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে বিএনপির সরকারের সামনে। যুদ্ধ ইতিমধ্যে চতুর্থ সপ্তাহে গড়িয়েছে এবং এর শেষ হওয়ার লক্ষণ এখনো দৃশ্যমান নয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি খাতে চাপ তৈরি হওয়ায় সরকার ইতিমধ্যে কিছু তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে। সংকট মোকাবিলায় সরকার তাৎক্ষণিক তিন ধরনের কৌশল নিয়েছে। এর অন্যতম হচ্ছে, বহুবিধ সূত্র থেকে গ্যাস ও জ্বালানি তেলসহ দরকারি পণ্য আমদানি এবং কম সুদে দীর্ঘমেয়াদি ঋণসুবিধা গ্রহণ। আগামী বাজেটে কর হার বৃদ্ধি না করে বিগত সরকারের কর জালিয়াতি, কর অপচয় এবং ব্যক্তিবিশেষ ও গোষ্ঠীকে দেওয়া কর সুবিধা বন্ধ করে জনকল্যাণমুখী করব্যবস্থা গ্রহণ করবে। সরকারের প্রথম মাসে দেখা সক্রিয়তা এখন কঠিন পরীক্ষার মুখে। উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচিগুলো চাপের মুখে পড়তে পারে যুদ্ধ দীর্ঘায়িত হলে। যুদ্ধের অভিঘাত সামলে উন্নয়ন কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে পারাই হবে বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নজর রাখছেন এমন ব্যক্তিরা বলছেন, যুদ্ধের অভিঘাত কোথায় গিয়ে ঠেকবে, তা এখনো অনিশ্চিত। এ পরিস্থিতি মোকাবিলায় সদ্য ক্ষমতাসীন সরকার কতটা প্রস্তুত, সেটিই এখন সব মহলে আলোচনার বিষয়। সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব মোকাবিলায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (২৫ মার্চ) জরুরি বৈঠকে বসছেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা। বৈঠকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।