মন্ত্রিসভার বৈঠক আজ

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব মহানগরীর স্কুলের ক্লাস অনলাইন ও অফলাইনে দুই মাধ্যমেই নেওয়ার চিন্তা করছে সরকার। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা...

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব মহানগরীর স্কুলের ক্লাস অনলাইন ও অফলাইনে দুই মাধ্যমেই নেওয়ার চিন্তা করছে সরকার। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। গত মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের একথা জানিয়েছিলেন।শিক্ষামন্ত্রী আরও জানান তারা আলোচনা করছেন অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোকে উৎসাহিত করার। যেহেতু বিশ্বব্যাপী সংকট (জ্বালানি সংকট), তার মানে বাংলাদেশও। কেউ জানে না, কতদিন এই সংকট চলবে। সে কারণে তারা দেশের স্কুলব্যবস্থাকে অনলাইন ও সশরীর—এই মিশ্র পদ্ধতিতে আনার কথা ভাবছেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার অনুষ্ঠেয় মন্ত্রিসভায় প্রস্তাব দেওয়া হবে। সেখানে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। রমজান উপলক্ষে ছুটি ও বিভিন্ন আন্দোলন মিলিয়ে নির্ধারিত কিছু ক্লাস হয়নি। এজন্য এখন শনিবারের ছুটি বাতিল করে সপ্তাহে ছয় দিন ক্লাস চালু করা হয়েছে (পরবর্তী ১০টি শনিবার এটি চলবে)। বিশ্ববিদ্যালয় ছাড়া সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের কথা ভাবা হচ্ছে। বিশেষ করে তারা মহানগরীর কথা বলছেন বলে জানান শিক্ষামন্ত্রী।জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৯টায়। ওই বৈঠক থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এছাড়াও বৈঠকে আলোচ্যসূচির বাইরে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে করণীয় বিষয়ে আলোচনা হতে পারে বলে প্রধানমন্ত্রী কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আরো জানিয়েছেন, এখনো জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহও মোটামুটি স্বাভাবিক। তবে মানুষ আতঙ্কিত হয়ে তেল কেনায় ও অসাধু ব্যক্তিরা তেলের অবৈধ মজুত গড়ে তোলায় কিছুটা সংকট তৈরি হয়েছে। আগামী দিনগুলোর চ্যালেঞ্জ সামনে রেখে বড় ধরনের সংকট এড়াতে সার্বিক বিষয়গুলো বিবেচনা করে সরকারি অফিস পরিচালনাসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সরকার।