মুম্বাইয়ের নিজ বাসভবনে আজ আমির-গৌরীর শুভ পরিণয়

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলিউড অভিনেতা আমির খান আজ (রোববার, ৫ জুলাই) জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে...

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলিউড অভিনেতা আমির খান আজ (রোববার, ৫ জুলাই) জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন তিনি। এটি হবে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর তৃতীয় বিয়ে। আমির খান নিজেই কয়েকদিন আগে নিশ্চিত করেছিলেন, বিয়ের অনুষ্ঠানটি হবে একেবারেই ব্যক্তিগত ও ঘরোয়া পরিবেশে। মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাসভবনেই দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে সীমিত পরিসরের এই অনুষ্ঠানেই নতুন জীবন শুরু করতে চান এই তারকা।ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমিরের তিন সন্তান জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। এছাড়া পরিচালক আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানিসহ বলিউডের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু আমন্ত্রণ পেয়েছেন। অনুষ্ঠানে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।বিয়ের আগে থেকেই মুম্বাইয়ের পালি হিলে অবস্থিত আমির খানের সমুদ্রমুখী বাসভবন আলো ও সাজসজ্জায় উৎসবের রূপ নিয়েছে। বাড়িজুড়ে আলোকসজ্জা ও অস্থায়ী আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ব্যক্তিগত জীবনে এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। সেই সংসারে জন্ম নেয় দুই সন্তান জুনায়েদ ও ইরা। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হলেও সন্তানের স্বার্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুজন। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে জন্ম নেয় ছেলে আজাদ রাও খান। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও কিরণ ও আমির এখনো পারস্পরিক সম্মান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সন্তানকে যৌথভাবে লালন-পালন করছেন।গৌরী স্প্র্যাটের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর এবার আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন আমির খান। ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই বিয়েকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা।