না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা সোহেল খান
নিজস্ব প্রতিবেদক:ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়া জেলায় নসিব সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে...
নিজস্ব প্রতিবেদক:ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়া জেলায় নসিব সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ----ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। সোহেল খানের আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্রাঙ্গনের শিল্পী, কলাকুশলী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।এদিন দুপুর ১টার পর বগুড়ার ঠেঙ্গামারার টিএমএসএস আলিম মাদ্রাসায় গোসল শেষে তার মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের রাজাপুরে নেওয়া হয়। সেখানে অভিনেতার গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।নসিব সিনেমার নির্বাহী প্রযোজক জিল্লুর রহমান জানান, সোহেল খানের বড় ছেলের সঙ্গে কথা হয়েছে। ধামরাইয়ের রাজাপুরে নিজ বাড়িতে দাফন সম্পন্ন হবে।শুটিং ইউনিট ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে নসিব সিনেমার শুটিংয়ে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের হোটেল মম ইন-এ ইউনিটের অন্যদের সঙ্গে নাশতা করেন তিনি। এরপর নিজ কক্ষে ফিরে শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন। এর কয়েক মিনিটের মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ ও অস্বস্তিবোধ করতে শুরু করেন। অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তারা দুজন হোটেল মম ইন-এ নসিব সিনেমার শুটিং করছিলেন। সকালে তৈরি হয়ে নিচে নামার প্রস্তুতির সময় প্রোডাকশন বয় ওপরে গেলে সোহেল খান কক্ষ থেকে বের হতে হতেই মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মুখ দিয়ে রক্ত বের হয়।সিনেমার নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল বলেন, বলার তো ভাষা নাই। সে আমার এত ঘনিষ্ঠ বন্ধু ছিল যে, সকালবেলা যখন খবরটা আমি পাই, তখন আমি বিশ্বাস করতে পারিনি। গত রাতে তার সঙ্গে খুব হাসাহাসি করলাম, আমার ছেলেকে খুব আদর-যত্ন করে বিদায় নিয়ে গেল। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তার আগেই এ ঘটনা। পরে শোনা গেল হার্ট অ্যাটাক করে মারা গেছে। সিনেমার প্রধান সহকারী পরিচালক রবিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে একসঙ্গে নাশতা করার পর ১০টার দিকে আউটডোরে যাওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই ঘটনাটা ঘটে। ১৮ তারিখ থেকে আমাদের সঙ্গে শুটিং করছিলেন, কোনো অসুস্থতার কথা কখনো বলেননি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়ে সবার আগে ঘুম থেকে তুলতেন। সকাল ১০টায় হাসপাতালে মুকেশ ঋষির সঙ্গে ওনার একটি সিকোয়েন্স ছিল। এর আগেই ওনাকে হারাতে হলো।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে এক সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে খোঁজ নিই। জানতে পারি, নসিব সিনেমার শুটিংয়ের জন্য মম ইন হোটেলে অবস্থান করছিলেন অভিনেতা সোহেল খান।