নবান্ন উৎসবে জয়পুরহাটে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা
জয়পুরহাট প্রতিনিধি:নবান্ন উৎসব উদযাপনে জয়পুরহাটসহ কালাই উপজেলায় বসেছে মাছের মেলা। অগ্রহায়ণ মাসের তৃতীয় দিনে নতুন ধান ঘরে তোলেন স্থানীয় কৃষকরা। বুধবার ভোর রাত থে...
জয়পুরহাট প্রতিনিধি:নবান্ন উৎসব উদযাপনে জয়পুরহাটসহ কালাই উপজেলায় বসেছে মাছের মেলা। অগ্রহায়ণ মাসের তৃতীয় দিনে নতুন ধান ঘরে তোলেন স্থানীয় কৃষকরা। বুধবার ভোর রাত থেকেই পাঁচশিরা বাজারে ঢল নামে ক্রেতা-বিক্রেতা ও কৌতূহলী মানুষের। ক্যালেন্ডার নয়, পঞ্জিকা অনুসারে নির্ধারিত এই দিনে প্রতি বছর একদিনের জন্য বসে এ অঞ্চলের বৃহত্তম মাছের মেলা, যার অপেক্ষায় থাকেন স্থানীয়রা।মেলায় নদী, দীঘি, হাওর ও পুকুরে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা দেশীয় প্রজাতির টাটকা মাছের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামাইদের জন্য মেলা থেকে মাছ কেনা এক ধরনের প্রতিযোগিতায় রূপ নেয়। দোকানজুড়ে সাজানো থাকে রুই, কাতলা, মৃগেল, চিতল, সিলভার কার্প, পাঙ্গাস, ব্রিগেটসহ বিভিন্ন প্রজাতির মাছ।এবারের মেলায় সবচেয়ে বড় মাছ হিসেবে ২৬ কেজি ওজনের একটি কাতল মাছ ৪২ হাজার টাকায় এবং ২০ কেজি ওজনের একটি সিলভার কার্প ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে।মেলার আলাদা কোনো আয়োজক না থাকলেও স্থানীয় মাছ ব্যবসায়ীরা প্রায় দুই সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নেন এবং মাইকে প্রচার চালান। কাতলা, রুই ও মৃগেল মাছ ৭০০ থেকে ১৬০০ টাকা, বোয়াল ও চিতল ১৩০০ থেকে ২ হাজার টাকা এবং মাঝারি সাইজের মাছ ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়। অন্যান্য বছরের তুলনায় এবার ক্রেতার উপস্থিতি ও মাছের বিক্রি দুটোই ছিল অনেক বেশি।উল্লেখ্য, প্রতিবছর মেয়ে-জামাই, বিয়াই-বিয়াইনসহ স্বজনদের নিয়ে পিঠা-পায়েসের আয়োজনের পাশাপাশি ঐতিহ্যবাহী মাছের মেলা বসে কালাই পৌরশহরের পাঁচশিরা বাজারে।