নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে প্রস্তুত বাংলাদেশ, পিএসএল ছেড়ে ফিরছেন পাঁচ ক্রিকেটার

ঢাকায় পা রাখতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলতে ১৩ এপ্রিল বাংলাদেশে আসছে কিউইরা। আসন্ন এই সিরিজকে সামনে...

ঢাকায় পা রাখতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলতে ১৩ এপ্রিল বাংলাদেশে আসছে কিউইরা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ।সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।ওয়ানডে সিরিজ শেষে একই মাঠে ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। এরপর ২ মে ঢাকায় ফিরবে সিরিজের শেষ টি–টুয়েন্টি।এদিকে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাঝপথে ছেড়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে। তারা হলেন মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, নাহিদ রানা, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ১২ এপ্রিল পর্যন্ত এনওসি দিয়েছিল।অন্যদিকে পিএসএলে অংশ নেওয়া পারভেজ হোসেন ওয়ানডে দলে সুযোগ পাননি। ফলে তিনি ২৫ এপ্রিল পর্যন্ত এনওসি অনুযায়ী পিএসএলে খেলার সুযোগ পাচ্ছেন।নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ। দলে আরও রয়েছেন সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। সিরিজটি সামনে রেখে দল গঠন ও খেলোয়াড়দের দ্রুত প্রত্যাবর্তন ইঙ্গিত দিচ্ছে, আসন্ন লড়াইকে বেশ গুরুত্ব দিয়েই নিচ্ছে টিম ম্যানেজমেন্ট।