ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সম্প্রসারণ প্রয়োজন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউ...

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন ‘সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ই-হেলথ কার্ড চালু এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে চিকিৎসাসেবা উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও তামাকের মতো নেশাজাতীয় দ্রব্যের কারণে তরুণ সমাজ ঝুঁকির মুখে পড়ছে। তাদের সুস্থ জীবনধারায় আনতে এবং শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি হৃদরোগ চিকিৎসায় আস্থার প্রতিষ্ঠান হিসেবে হার্ট ফাউন্ডেশনকে বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের প্রয়োজন রয়েছে বলেও মত দেন তিনি।এ বছরের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। গত ০৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ সেমিনার হয়। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, নিয়মিত শারীরিক পরিশ্রম, সুষম খাদ্যগ্রহণ, তামাক বর্জন এবং খেলাধুলা হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. ফজিলা তুন নেসা মালিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন।