অস্বাভাবিকভাবে বেড়ে গেছে তেলের চাহিদা : জ্বালানি মন্ত্রী
সাম্প্রতিক সময়ে হঠাৎ করে তেলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আগে যেখানে একটি পেট্রোল পাম্প সারাদিনে যে পরিমাণ তেল বিক্রি করত, এখন সেই তেল কয়েক ঘণ্টার মধ্যেই...
সাম্প্রতিক সময়ে হঠাৎ করে তেলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আগে যেখানে একটি পেট্রোল পাম্প সারাদিনে যে পরিমাণ তেল বিক্রি করত, এখন সেই তেল কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। ফলে সাময়িক সংকটের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তেল সরবরাহের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। ডিপো থেকে ট্যাংক-লরিতে তেল ভরে পাম্পে পৌঁছাতে সময় লাগে। এ কারণে অনেক সময় সকালে পাম্পে তেল না থাকলেও পরে সরবরাহ স্বাভাবিক হয়। হঠাৎ করে অতিরিক্ত ভিড় ও চাহিদা বেড়ে যাওয়ায় এই সমস্যা দেখা দিচ্ছে। তবে তেলের কোনো ঘাটতি নেই। আতঙ্কিত হয়ে বেশি তেল কেনার প্রয়োজন নেই। ঈদের সময় দেশে কোথাও তেলের কারণে যানবাহন চলাচলে সমস্যা হয়নি। তাই বর্তমান পরিস্থিতিকেও সংকট হিসেবে দেখার কারণ নেই। প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল কিনলে সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে।মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এর উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একথা বলেছেন।