পর্দার নায়ক থেকে চিরবিদায়: রাহুলকে শেষ শ্রদ্ধা সহকর্মী-ভক্তদের

ভারতের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিনেমার শুটিং করতে গিয়ে  ২৯ মার্চ ২০২৬ ভয়াবহ দুর্ঘটনার শিকার হন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।...

ভারতের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিনেমার শুটিং করতে গিয়ে  ২৯ মার্চ ২০২৬ ভয়াবহ দুর্ঘটনার শিকার হন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো বিনোদন অঙ্গনে। তাঁর অকালপ্রয়াণে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর বেদনা বিরাজ করছে।দুর্ঘটনার পরপরই রাহুলকে প্রথমে নিয়ে যাওয়া হয় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। পরে তাঁর মরদেহ স্থানান্তর করা হয় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সেখানে শুরু হয় ময়নাতদন্ত।হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রাথমিক ময়নাতদন্তে রাহুলের শরীরে পানিতে ডুবে মৃত্যুর স্পষ্ট লক্ষণ পাওয়া গেছে। জানা গেছে, দুর্ঘটনার সময় তিনি দীর্ঘ সময় পানির নিচে আটকে ছিলেন, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই তথ্য সামনে আসার পর ঘটনাটি নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন রাহুলের পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি থাকলে তার দায় এড়ানোর সুযোগ নেই। ফলে এখন প্রশ্ন উঠছে, শুটিং চলাকালে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল কি না।সোমবার কলকাতায় সম্পন্ন হয় রাহুলের শেষকৃত্য। বিজয়গড়ের বাসভবন থেকে কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত শেষযাত্রায় নেমে আসে শোকের আবহ। প্রিয় অভিনেতাকে শেষবারের মতো বিদায় জানাতে সেখানে উপস্থিত হন তাঁর সহকর্মী, বন্ধু, অনুরাগী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী। অনেকের চোখেই ছিল অশ্রু, কণ্ঠে ছিল অবিশ্বাস আর শোক। রাহুল বন্দ্যোপাধ্যায়ের এই অকালমৃত্যু শুধু তাঁর পরিবারকেই নয়, কাঁদাচ্ছে পুরো অভিনয় জগতকে। তাঁর অসমাপ্ত স্বপ্ন, অভিনয়ের প্রতি ভালোবাসা এবং পর্দায় উপস্থিতি দীর্ঘদিন স্মরণে রাখবেন ভক্তরা।