প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর কর্মসূ...

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম কেবল বাংলা ভাষা ও সংস্কৃতির অমূল্য সম্পদ নয়, বরং মানবতা, সাম্য, স্বাধীনতা, ন্যায়বিচার এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। তাঁর সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনকে নজরুল বর্ষ উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, কবির সাহিত্য, সংগীত ও দর্শনকে আন্তর্জাতিক পরিসরেও আরও বিস্তৃতভাবে তুলে ধরতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল সংগীত পরিবেশনা, সাহিত্য পাঠ, সেমিনার, গবেষণা কার্যক্রম, প্রকাশনা, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতা এবং বিভিন্ন স্মারক কর্মসূচি আয়োজন করা হবে। দেশের পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় কবির জীবন ও কর্ম তুলে ধরতে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বছরব্যাপী এই আয়োজনের মাধ্যমে বিদ্রোহ, সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলামের আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে পৌঁছে যাবে এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চা নতুন মাত্রা পাবে।