রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক, লায়ন আলহাজ্ব রিয়াদ আহমেদ, রাজশাহী | ১৩ জুলাই ২০২৬ রাজশাহী থেকে ঢাকাগামী দূরপাল্লাসহ অভ্যন্তরীণ সকল রুটে সোমবার বিকেল থেকে অনির্দিষ্...
নিজস্ব প্রতিবেদক, লায়ন আলহাজ্ব রিয়াদ আহমেদ, রাজশাহী | ১৩ জুলাই ২০২৬ রাজশাহী থেকে ঢাকাগামী দূরপাল্লাসহ অভ্যন্তরীণ
সকল রুটে সোমবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বাস মালিক
ও শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং শ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে এ অচলাবস্থার
সৃষ্টি হয়েছে। আকস্মিক এ সিদ্ধান্তে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের
২১ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে
সভাপতি এবং মমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।তবে শ্রমিক ও চালকদের একটি বড় অংশ নতুন
এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, সাধারণ শ্রমিকদের মতামত ও প্রত্যক্ষ
ভোট ছাড়াই কমিটি গঠন করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।বিক্ষুব্ধ শ্রমিকরা নতুন ঘোষিত কমিটি বাতিলের
দাবি জানিয়ে আন্দোলনে নামেন। তাদের দাবি, বর্তমান কমিটি বিলুপ্ত করে একটি নিরপেক্ষ
আহ্বায়ক বা অ্যাডহক কমিটি গঠন করতে হবে এবং পরবর্তীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের
মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে। এ দাবিতে শ্রমিকরা হঠাৎ করেই বাস চলাচল বন্ধ
করে দেন।বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহীর শিরোইল
বাস টার্মিনালসহ বিভিন্ন কাউন্টারে শত শত যাত্রী বিপাকে পড়েছেন। পূর্বঘোষণা ছাড়া পরিবহন
চলাচল বন্ধ হওয়ায় অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে বিকল্প যানবাহনের সন্ধান করছেন।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয়
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত সমঝোতার মাধ্যমে সংকট নিরসন হলে বাস চলাচল স্বাভাবিক
হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।