রংপুরে পেশাদারিত্ব ও সমৃদ্ধির বার্তা দিল অতিথি ওভারডিউ প্রোগ্রাম
নিজস্ব প্রতিবেদক, রংপুর
বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা। রংপুর শহরের গ্র্যান্ড ক্যাসেল রেস্টুরেন্টের হলরুমে তখন এক উৎসবমুখর পরিবেশ। দেশীয় অনলাইন বুকিং প্ল্যাটফর্ম অতিথি গ্রুপের বিশেষ ওভারডিউ প্রোগ্রাম উপলক্ষে সেখানে তৈরি হয় এক প্রাণবন্ত আবহ। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।রংপুরে ব্যবসায়িক গতিশীলতা বৃদ্ধি এবং গ্রাহকসেবায় শতভাগ পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সাজানো হয়েছিল এই আয়োজন। সন্ধ্যা গড়ানোর সাথে সাথে অনুষ্ঠানটি কেবল প্রথাগত আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি; বরং পরিণত হয়েছিল অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সমন্বয় এবং আগামীর কর্মকৌশল নির্ধারণের এক প্রাণবন্ত মিলনমেলায়।অতিথি গ্রুপের উপদেষ্টা লায়ন স্বপন কুমার মন্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক (ট্রেনিং) লায়ন ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ গুহ। বর্তমান বাজার পরিস্থিতি ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনের ওপর জোর দিয়ে তিনি বলেন, দক্ষ জনবল এবং সুষ্ঠু কর্মপরিকল্পনাই পারে একটি প্রতিষ্ঠানের সাফল্যকে ত্বরান্বিত করতে।প্রতিষ্ঠানের ডিজিএম (ট্রেনিং) লায়ন কৃষিবিদ সাখাওয়াত হোসেনের পরিচালনা এবং অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের এজিএম লায়ন ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম হৃদয়ের সার্বিক তত্ত্বাবধানে এগিয়ে চলে আয়োজনের মূল পর্ব। এতে বিশেষ অতিথি হিসেবে অতিথি লিমিটেডের সহকারী পরিচালক (অপারেশন) লায়ন মোঃ কামরুজ্জামান রোকন, জিএম (সেলস) লায়ন মিজানুর রহমান ও এজিএম (সেলস) লায়ন সবুজ দাস গুপ্ত মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও আধুনিক বিপণন কৌশলের নানা দিক তুলে ধরেন। সবশেষে রংপুরসহ পুরো উত্তরাঞ্চলে প্রতিষ্ঠানের সেবা আরও বেগবান করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।