শীঘ্রই প্রকাশ করা হবে অমুক্তিযোদ্ধার তালিকা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অনিয়মের ভেতর দিয়ে অনেক অমুক্তিযোদ্ধাও মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ভাতা ও অন্যান্য অবৈধ সুবিধা গ্রহণ করেছে। আমরা এটা নিয়ে নিবিড়ভাবে কাজ করছি। আমি সংসদ...

অনিয়মের ভেতর দিয়ে অনেক অমুক্তিযোদ্ধাও মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ভাতা ও অন্যান্য অবৈধ সুবিধা গ্রহণ করেছে। আমরা এটা নিয়ে নিবিড়ভাবে কাজ করছি। আমি সংসদ সদস্যদের আশ্বস্ত করতে চাই যে, এই কাজগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে জাতির সামনে উপস্থাপন করব। ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবেদীন ও বিরোধীদলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের করা সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এ কথা জানান। এ সময় বিগত সরকারের আমলের অনিয়মের কথা স্বীকার করে মন্ত্রী আরও বলেন, সংসদ সদস্যরা যে বিষয়টি উত্থাপন করেছেন, সেটি নিয়েও আমাদের মন্ত্রণালয় কাজ করছে। আমরা ইতোপূর্বেই অভিযোগ পেয়েছি বিগত সরকারের সময়ে অনেক মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের সনদ স্থগিত করা হয়েছিল এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানির শিকার হতে হয়েছিল। ‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে বা জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছেন এবং অবৈধ সুবিধা নিয়েছেন, তাদের চিহ্নিত করে খুব শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে এবং একইসঙ্গে বিগত সরকারের আমলে বাদ পড়া ও হয়রানির শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আশা করে, অল্প দিনের মধ্যেই ভুয়া মুক্তিযোদ্ধাদের সুনির্দিষ্ট সংখ্যা আমরা বলতে পারব এবং জাতিকে জানাবো।