শীতের সবজিতে স্বস্তি ফিরছে কি?
নিজস্ব প্রতিবেদকহেমন্তের বিদায়লগ্নে এবং শীতের আগমনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকার কাঁচাবাজারগুলোতে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। সরবরাহ বাড়ায় ফুলকপি...
নিজস্ব প্রতিবেদকহেমন্তের বিদায়লগ্নে এবং শীতের আগমনে দেশের
বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকার কাঁচাবাজারগুলোতে আসতে শুরু করেছে শীতকালীন সবজি।
সরবরাহ বাড়ায় ফুলকপি, বাঁধাকপি, মুলা ও শিমের মতো সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে।
এতে সাধারণ ক্রেতাদের মাঝে প্রাথমিক স্বস্তি ফিরলেও নতুন আলু, পাকা টমেটো এবং মাছ-মাংসের
চড়া দাম এখনো নিম্ন ও মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলে রেখেছে।রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, মোহাম্মদপুর
টাউন হল এবং নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির
দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি পিস ফুলকপি
ও বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মানভেদে শিম ৬০ থেকে ৮০ টাকা, মুলা
ও পেঁপে ২০ থেকে ৪০ টাকা এবং বেগুন ও পটল ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে মিলছে। কাঁচা মরিচের
দাম পাইকারিতে কমলেও খুচরা বাজারে এখনো ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে,
মৌসুমের শুরু হওয়ায় নতুন আলু ৮০ থেকে ১২০ টাকা এবং আমদানি কম থাকায় পাকা টমেটো ১২০
থেকে ১৪০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে ক্রেতাদের, যদিও পুরোনো আলু ২০ থেকে ৩০ টাকার মধ্যেই
পাওয়া যাচ্ছে।বাজার করতে আসা ক্রেতাদের সাথে কথা বলে
জানা যায়, সবজির দাম কিছুটা কমায় তারা ব্যাগ ভরে বাজার করতে পারছেন ঠিকই, কিন্তু বাজারের
মোট খরচে তেমন কোনো হেরফের হচ্ছে না। মিরপুর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী
রফিকুল ইসলাম জানান, ফুলকপি, বাঁধাকপি আর শিমের দাম কমায় কিছুটা স্বস্তি লাগছে, কিন্তু
মাছের বাজারে গেলে মাথা ঘুরে যায়। তার মতে, পাঙাশ আর তেলাপিয়া মাছও এখন ৩২০ থেকে ৩৫০
টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ফলে সবজি কিনে যে টাকা বাঁচছে তা মাছ বা ডিম কিনতে গিয়েই
শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে, পাইকারি ও খুচরা বাজারের দামের পার্থক্য নিয়েও ক্ষোভ প্রকাশ
করেছেন অনেক ক্রেতা। কারওয়ান বাজারে যে শিম বা বেগুন ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে,
মাত্র দুই কিলোমিটার দূরের পাড়া-মহল্লার বাজারে তা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে বলে
অভিযোগ তুলে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা।বাজার পরিস্থিতির বিষয়ে কারওয়ান বাজারের
পাইকারি সবজি বিক্রেতা জামাল হোসেন জানান, উত্তরবঙ্গ ও যশোর অঞ্চল থেকে শীতের সবজির
ট্রাক ঢাকায় ঢুকতে শুরু করেছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে আমদানি পুরোদমে শুরু হলে
টমেটো ও নতুন আলুর দামও অর্ধেকে নেমে আসবে। তবে খুচরা বিক্রেতাদের দাবি, পরিবহন ভাড়া
এবং পচনশীল পণ্যের ঝুঁকির কারণে পাইকারি বাজারের চেয়ে তাদের কিছুটা বেশি দামে সবজি
বিক্রি করতে হয়।
সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও আমিষের
বাজার এখনো চড়া অবস্থায় রয়েছে। রাজধানীর বাজারগুলোতে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন
১২০ থেকে ১৪০ টাকা, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৮০
থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস আগের মতোই ৭৮০ থেকে ৮৫০ টাকা কেজি দরে
অপরিবর্তিত রয়েছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে।