শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আজ সোমবার অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪ তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন।রোববার (২৬ এপ্রিল) রাতে...

আজ সোমবার অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪ তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন।রোববার (২৬ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪ তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অবিভক্ত বাংলার রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ যে কজন ক্ষণজন্মা নেতা পেয়েছে, তাঁদের অন্যতম শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান তথা ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন সকল মানুষের নেতা। তাঁর সংবেদনশীলতা, মমতা এবং রাজনৈতিক আপসহীনতা তাঁকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল।মহান এই নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, শেরে বাংলার রাজনৈতিক দর্শন এখনও আমাদের রাজনৈতিক বাস্তবতায় প্রাসঙ্গিক। তাঁর দূরদর্শিতা, বিচক্ষণ এবং বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব এই উপমহাদেশের রাজনীতিতে স্থায়ী প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। এই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে আমি আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।