সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়, প্রশংসায় ওয়াসিম আকরাম

সিলেট টেস্টে শুরুতে চাপে পড়লেও শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। আর সেই জয়ের নায়ক হয়ে উঠেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। ব্যাট হাতে অসাধারণ পা...

সিলেট টেস্টে শুরুতে চাপে পড়লেও শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। আর সেই জয়ের নায়ক হয়ে উঠেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে দলকে জয়ের ভিত গড়ে দেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে টানা দ্বিতীয় টেস্ট জিতে ঐতিহাসিক হোয়াইটওয়াশও সম্পন্ন করেছে টাইগাররা।সিলেট টেস্টে প্রথম ইনিংসে ১২৬ এবং দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন লিটন। ম্যাচ শেষে তিনি জানান, কঠিন পরিস্থিতিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এর পরামর্শই তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে।লিটন বলেন, আগের টেস্টে রান না পাওয়ায় নিজের ওপর অতিরিক্ত কোনো চাপ ছিল না। তবে দ্রুত কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় কিছুটা দ্বিধায় পড়ে যান তিনি। তখন অধিনায়ক শান্তকে জিজ্ঞেস করলে শান্ত তাকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে বলেন। এরপর নিজের স্বাভাবিক খেলায় ফিরে যাওয়ার চেষ্টা করেন লিটন এবং তাতেই আসে বড় ইনিংস। বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম । বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, পাকিস্তানের টানা দ্বিতীয় পরাজয় তাকে হতাশ করেছে, তবে বাংলাদেশের প্রাপ্য প্রশংসা অবশ্যই দিতে হবে।ওয়াসিম আকরাম আরও বলেন, আগে বাংলাদেশের উইকেট ধীরগতির ও স্পিন সহায়ক ছিল। কিন্তু এখন তারা দারুণ টেস্ট উইকেট তৈরি করছে, যা দেশের দ্রুত উন্নতি করা পেস বোলারদের বাড়তি সুবিধা দিচ্ছে। সিলেট টেস্টের এই জয় শুধু সিরিজ জয়ের আনন্দই নয়, বরং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন আত্মবিশ্বাস ও পরিণত মানসিকতারও বড় প্রমাণ হয়ে থাকল।