সরকার প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে উঠছে। তাই প্রাণিসম্প...
নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে উঠছে। তাই প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৬ মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। তাই এ খাতের উন্নয়নে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে দেশের খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খাদ্য ও খামার ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করেন। কারণ, প্রাণিসম্পদ খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।তারেক রহমান আরও বলেছেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে ২ লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। প্রাণিসম্পদ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের প্রায় ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। এছাড়া প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে, বাংলাদেশ প্রাণিসম্পদ খাতে স্বনির্ভর হওয়ার পাশাপাশি মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না। এ জন্য প্রয়োজন সদিচ্ছা, সুস্থ পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন। এ ছাড়া সরকার একটি আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৬৫ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে আসে। অপরদিকে, প্রাণিসম্পদ খাত এখন শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্দেশ্য তুলে ধরে বলেন, এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। এ খাতের মূল চালিকাশক্তি খামারিদের মেধা, পরিশ্রম, নিষ্ঠা ও উদ্যোগ। খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করছে। অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের অর্জন দেশের প্রাণিসম্পদ খাতে অসামান্য অবদানের স্বীকৃতি। এ সম্মাননা লাখো উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে প্রাণিসম্পদ খাতের আগামীর সম্ভাবনা, উন্নয়ন এবং এই খাতের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।এ বছর প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে ৮টি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দিয়েছেন প্রধানমন্ত্রী। তাদের স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা দেওয়া হয়। পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রী সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন। পরে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন, বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন (বিডিএফএফএ)-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন অনুষ্ঠানে বক্তৃতা করেন।উল্লেখ্য, রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে। এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ৩ দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় ৬৪টি স্টল ও ৬টি প্যাভিলিয়ন রয়েছে। জানা গেছে, রাজধানীতে কেন্দ্রীয় মেলার পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।সুত্র: বাসস।