সঠিক তথ্য নিশ্চিতে একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে চাই : তথ্যমন্ত্রী

বাংলাদেশের একজন গ্রহণযোগ্য গণমাধ্যম বিশেষজ্ঞকে সামনে রেখে আমরা একটি পরামর্শ কমিটি গঠন করব। তাদের পরামর্শের ভিত্তিতেই চূড়ান্তভাবে ‘গণমাধ্যম কমিশন’ গঠিত হবে। সবা...

বাংলাদেশের একজন গ্রহণযোগ্য গণমাধ্যম বিশেষজ্ঞকে সামনে রেখে আমরা একটি পরামর্শ কমিটি গঠন করব। তাদের পরামর্শের ভিত্তিতেই চূড়ান্তভাবে ‘গণমাধ্যম কমিশন’ গঠিত হবে। সবাই মিলে একটি সুস্থ রেগুলেশন তৈরি করতে হবে।ব্রিটেন বা আমেরিকার মতো উন্নত দেশেও রেগুলেটরি বডি আছে। সরকার এখানে কোনো নিয়ন্ত্রক নয়, বরং একটি পক্ষ মাত্র। তারেক রহমানের সরকারের পক্ষ থেকে আমরা সেই নীতিমালা নিতে চলছি, যেখানে সরকারের ভূমিকা হবে কেবল আইনি ও লজিস্টিক সহযোগিতা দেওয়া।রোববার (৩ মে) রাজধানীর সার্কিট হাউজ রোডের তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।গণমাধ্যম শিল্পে বিদ্যমান বিভিন্ন অসংগতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পত্রিকার সার্কুলেশন (ছাপার সংখ্যা) এবং টেলিভিশনের টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) নিয়ে বর্তমানে যা চলছে তা এক প্রকার প্রতারণা। কয়েক কোটি টেলিভিশন বক্সের বিপরীতে মাত্র কয়েকশ ডিভাইস দিয়ে টিআরপি নির্ধারণ করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। ডিজিটাল যুগে সঠিক তথ্য বের করা কঠিন কিছু নয়। ডেটা ছাড়া কোনো তথ্যই আসলে তথ্য নয়, সঠিক তথ্য নিশ্চিত করতে হবে। জনগণের কাছে দায়বদ্ধ থেকে আমরা একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে চাই।সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, দৈনিক মানবজমিনের সম্পাদক ও নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ এবং বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী প্রমুখ। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’।