শুল্ক কমলেও কাটছে না বাজার-ভীতি
শামসুজ্জামান রিপনক্যালেন্ডারের হিসাব বলছে, পবিত্র মাহে রমজানের এখনো প্রায় আড়াই মাস বাকি। অথচ দেশের ভোগ্যপণ্যের পাইকারি মোকাম আর আমদানিকারকদের দপ্তরে এখন থেকেই শ...
শামসুজ্জামান রিপনক্যালেন্ডারের হিসাব বলছে, পবিত্র মাহে
রমজানের এখনো প্রায় আড়াই মাস বাকি। অথচ দেশের ভোগ্যপণ্যের পাইকারি মোকাম আর আমদানিকারকদের
দপ্তরে এখন থেকেই শুরু হয়ে গেছে রোজার বাজার সামলানোর আগাম প্রস্তুতি। প্রতি বছর রোজা
এলেই ইফতারের টেবিলে চাহিদার শীর্ষে থাকা খেজুর, ছোলা কিংবা ভোজ্যতেলের যে অস্থিরতা
দেখা দেয়, এবার তা গোড়া থেকেই ঠেকাতে মাঠে নেমেছে নীতিনির্ধারকরা। জাতীয় রাজস্ব বোর্ডের
সাম্প্রতিক প্রজ্ঞাপনে খেজুরের কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশে নামায় পণ্যটির
মোট করভার ৪৮ শতাংশ থেকে প্রায় অর্ধেকে নেমে এসেছে। এর সাথে কেন্দ্রীয় ব্যাংকের এলসি
মার্জিন শিথিলের সিদ্ধান্ত যুক্ত হয়ে আমদানির খাতায় স্বস্তির পরিসংখ্যান তৈরি করলেও,
খুচরা বাজারের চিত্র বলছে ভিন্ন কথা।বন্দর ও বাণিজ্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর
তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে এবার নীতিগত কোনো ঘাটতি
রাখা হয়নি। আগামী ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকা এই শুল্ক সুবিধার আওতায় খেজুরের পাশাপাশি
আপেল ও কমলার ওপর থেকেও অতিরিক্ত শুল্ক ও অগ্রিম কর তুলে নেওয়া হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ
ব্যাংক চলতি মাসের শুরুতেই রোজার ১০টি অত্যাবশ্যকীয় পণ্যের ঋণপত্র খোলার শর্ত সহজ করায়
ব্যাংকিং চ্যানেলে আমদানির গতি বেড়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পর্যবেক্ষণেও
উঠে এসেছে, গত বছরের একই সময়ের তুলনায় এবার খেজুর ও মসুর ডালসহ বেশ কয়েকটি পণ্যের আমদানি
ও এলসি খোলার হার ঊর্ধ্বমুখী।আমদানিকারক এবং চট্টগ্রাম ও ঢাকার বড় পাইকারি
আড়তদারদের ভাষ্যমতে, শুল্ক কমানোর ফলে আমদানি পর্যায়ে খরচ উল্লেখযোগ্য হারে কমেছে এবং
দেশে পর্যাপ্ত পণ্য আসার পথও সুগম হয়েছে। ফলে আসন্ন রমজানে অন্তত পণ্যের ঘাটতি বা সরবরাহ
সংকট হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। কিন্তু বাজার অর্থনীতির চিরাচরিত সংকটটি লুকিয়ে
আছে ঠিক এই জায়গাতেই। কাগজে-কলমে আমদানি বাড়লেও এবং বন্দরে শুল্ক কমলেও খুচরা বাজারে
ভোজ্যতেল, চিনি কিংবা ছোলার দামে এখনো কাঙ্ক্ষিত নিম্নগতি দেখা যাচ্ছে না; বরং কিছু
পণ্যের দাম বাড়তি থাকার প্রবণতা ভোক্তাদের ভাবিয়ে তুলছে।অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকদের মতে,
রাজস্ব ছাড় দিয়ে আমদানিকারকদের সুবিধা দেওয়া হলেও পণ্য খালাসের পর তা যখন হাতবদলের
মধ্য দিয়ে খুচরা দোকানে পৌঁছায়, তখনই মূল দামের সাথে বিক্রয়মূল্যের বড় ব্যবধান তৈরি
হয়। পরিবহন ব্যয় এবং মধ্যস্বত্বভোগীদের অতিমুনাফার এই অদৃশ্য দেয়াল ভাঙা না গেলে সরকারি
শুল্ক ছাড়ের সুফল শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেট পর্যন্ত পৌঁছাবে না। তাই কেবল নীতিগত
সুবিধা দিয়ে হাত গুটিয়ে না বসে, আমদানির প্রকৃত খরচের সাথে সামঞ্জস্য রেখে খুচরা বাজারের
দাম তদারকিতে প্রশাসনের কঠোর ও দৃশ্যমান হস্তক্ষেপই এখন সময়ের দাবি।
লেখক: সাংবাদিক