সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী

প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর-এই নীতিকে সামনে রেখে বর্তমান সরকার ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়তে চায়। আমরা যদি রোগের শুরুতেই রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে পারি তাহ...

প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর-এই নীতিকে সামনে রেখে বর্তমান সরকার ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়তে চায়। আমরা যদি রোগের শুরুতেই রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে পারি তাহলে রোগের বিস্তার মোকাবিলা সম্ভব। আমাদের এই নীতি বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের ভূমিকা অনস্বীকার্য।গত ১৮ এপ্রিল, ২০২৬ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) আদলে প্রতিটি উপজেলা ও ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে। ভবিষ্যতের স্বার্থে যে কোনো মূল্যে আমাদেরকে মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পরিপূর্ণ মাতৃত্বকালীন সেবা, নিরাপদ সন্তান প্রসব, নবজাতক এবং শিশু স্বাস্থ্যসেবার নিরাপদ স্থানে পরিণত করতে হবে।তিনি আরও বলেন সারাদেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত দুই সরকারের 'জীবনবিনাশী ব্যর্থতা' ক্ষমাহীন অপরাধ উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয়। বর্তমান সরকার সারাদেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব হয়েছে। এ জন্য আমি সকল চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীসহ সকলকে ধন্যবাদ জানাই। যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন সেই সকল পিতামাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, চিকিৎসা পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার, এটা রাষ্ট্রের করুণা নয়, বরং কর্তব্য। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে জবাবদিহিমূলক এবং একটি মডেল স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করার সরকারি পরিকল্পনার কথাও জানান তিনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস প্রমুখ । ইউএইচএফপিও সম্মেলন ২০২৬ এ  উপস্থিত ছিলেন সারাদেশের উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাগণ ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।