যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি ২০২৫ সালে দেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছিল। ওই বছরের জানুয়ারি-ডিসেম্বর সময়ে যুক্...

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি ২০২৫ সালে দেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছিল। ওই বছরের জানুয়ারি-ডিসেম্বর সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে ভিয়েতনাম শীর্ষ রপ্তানিকারক দেশে পরিণত হয়।শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক আরোপের প্রভাবের কারণে চীন শীর্ষস্থান হারালে ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে অতিক্রম করে। বর্তমানে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীন তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে, ভিয়েতনাম শীর্ষে রয়েছে এবং বাংলাদেশ চীনকে টপকে উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে।চীনের তুলনায় রপ্তানি মূল্যে অগ্রগতি দেখা গেলেও সামগ্রিক রপ্তানি আয় নেতিবাচক রয়েছে, যা বাংলাদেশের জন্য ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম।তিনি বলেন, শুল্কহার বৃদ্ধি এবং চলমান বৈশ্বিক সংকট—বিশেষ করে যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি—যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণেই চীনের তুলনায় অগ্রগতি সত্ত্বেও মোট রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, সরকার যথাযথ নীতিগত সহায়তা প্রদান এবং জ্বালানি সংকট সমাধান করতে পারলে শিগগির এই নেতিবাচক প্রবৃদ্ধি কাটিয়ে ওঠা সম্ভব হবে।